কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) উদ্যোগে ‘সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশন (এমইউএন) ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তরুণদের নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা এবং আন্তর্জাতিক ইস্যুতে বিশ্লেষণী সক্ষমতা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশন (এমইউএন) ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) উদ্যোগে অনুষ্ঠিত এ জাতীয় সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকার ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুন সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের প্রথম দুই দিনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এ সম্মেলনের সফল পরিসমাপ্তি ঘটে।
সম্মেলনে দেশের ৩০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান।
সম্মেলনে প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে জাতিসংঘের আদলে বিতর্ক, আলোচনা, কূটনৈতিক সংলাপ এবং প্রস্তাবনা উপস্থাপনের মাধ্যমে নিজেদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং জনসমক্ষে বক্তব্য দেওয়ার সক্ষমতা তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে সচেতনতা এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মডেল ইউনাইটেড নেশনসের (এমইউএন) মতো প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বলেন তারা।
সম্মেলন বাস্তবায়নে সহযোগিতা করে জেপিএন কনসালটেন্সি, বিজম্যান ও নেসলে বাংলাদেশ পিএলসি। আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।