ইবি প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ। প্রবা ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে এবার এক নারী চা-দোকানির টাকা দীর্ঘদিনেও পরিশোধ না করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আনাস হলের সামনে লিচুবাগান এলাকায় চায়ের দোকান পরিচালনাকারী ওই নারী দোকানির কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
অভিযোগকারী দাবি করেন, ঈদুল ফিতরের সময় এক দিনের জন্য বলে বাধন বিশ্বাস স্পর্শ তার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। তবে একাধিকবার টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা পরিশোধ করেননি। এমনকি দোকানের ২৩০ টাকার নাশতার বিলও বকেয়া রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে ওই দোকানি বলেন, ‘বাধন আমার কাছ থেকে ৫ হাজার টাকা হাওলাত (ধার) নিছে। আমার দোকান কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, ও খুলে দিতে সাহায্য করেছিল। তখন বলল, ‘খালা, আমি আপনার উপকার করেছি, আপনিও আমার একটু উপকার করেন।’ সেই বিশ্বাসে টাকা দিই। এরপর আজ-কাল করে আর টাকা দেয় না। ২০ জুন দেওয়ার কথা ছিল, এখনও একটা টাকাও দেয়নি। দোকানের ২৩০ টাকার বিলও বাকি।
তিনি আরও বলেন, ‘আমি গরিব মানুষ। টাকা না পেলে কীভাবে দোকান চালাব? আমার স্বামী বেঁচে থাকলে হয়তো আজ এই কষ্ট করতে হতো না। অনেককেই বলেছি, কিন্তু তারা বলেছে ওর সঙ্গে তারা পারে না, প্রক্টর স্যারের সঙ্গে কথা বলতে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাধন বিশ্বাস স্পর্শের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। একজন আরেকজনের কাছ থেকে ধার নিতেই পারেন। প্রকৃত ঘটনা কী, তা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’