চবি প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন।
তিনি চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী ড. মোহাম্মদ আল আমিনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার নির্ধারিত সময়ের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।