বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে শনিবার পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের যৌথ উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এমআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. রকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিটিআইয়ের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ।
বক্তারা বলেন, উচ্চশিক্ষা শেষে শুধু চাকরির প্রত্যাশা না করে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন থেকেই সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব বলেও তারা মত দেন।
আগামী ১১ জুন পর্যন্ত চলা এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ কৌশল এবং সফল উদ্যোক্তা হওয়ার ব্যবহারিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।