এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম পবিপ্রবির রত্না রানি। প্রবা ফটো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী রত্না রানি বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪-এর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন।
আরও পড়ুন: পবিপ্রবি শিক্ষক ও কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা |
দেশের ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৩৫৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার এই অর্জন পবিপ্রবির শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় রত্না রানির সাফল্যের বিষয়টি গত মঙ্গলবার বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের আনুষ্ঠানিক সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। ইউথ ইন অ্যাকশন, স্মার্টার ফার্মিং ইন মোশন প্রতিপাদ্যে আয়োজিত অলিম্পিয়াডের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় গত ৮ জানুয়ারি। এরপর ১৭ জানুয়ারি কেস সলভিং রাউন্ড এবং ১৫ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফাইনাল। একই দিন বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নিজের এই অর্জনের পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রত্না রানি। তিনি জানান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরার তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তার প্রস্তুতিতে বিশেষ ভূমিকা রেখেছে। এ ছাড়া বিভাগের অন্য শিক্ষকদের গঠনমূলক পরামর্শও তাকে প্রতিযোগিতায় সফল হতে সহায়তা করেছে।