× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরবর্তী ঢাবি উপাচার্য: আলোচনায় সাত নাম

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯ পিএম

ড. মামুন আহমেদ, ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ছবি: কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

ড. মামুন আহমেদ, ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ছবি: কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রবিবার সকালে শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। সরকার পদত্যাগপত্র গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই পদে নতুন নিয়োগ আসবে।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই পদে পরবর্তী নিয়োগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানামুখী আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।

আলোচনায় পাঁচ জ্যেষ্ঠ শিক্ষক

উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রে পাঁচজন জ্যেষ্ঠ শিক্ষককে ঘিরে আলোচনা চলছে বলে জানা গেছে। তারা হলেন—প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

কে কোথায় দায়িত্বরত

  • বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মামুন আহমেদ। তিনি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
  • অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বর্তমান সভাপতি এবং ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক।
  • অধ্যাপক মো. লুৎফর রহমান বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
  • অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান কলা অনুষদের ডিন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
  • অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সাদা দলের বর্তমান আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব। তিনি বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আলোচনায় দুই নারী শিক্ষকও

উপাচার্য পদে আলোচনায় রয়েছে দুই নারী শিক্ষকের নাম। প্রথমজন হলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপ-উপাচার্য (প্রোভিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের মেয়ে। পাশাপাশি তিনি ঢাবি সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

অপরজন অধ্যাপক ড. তাহমিনা আখতার (টফি)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। সমাজকর্ম ও সামাজিক উন্নয়ন ইস্যুতে তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। তিনি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের বিশেষজ্ঞ এবং বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশনের মহাসচিব।

রাজনৈতিক অঙ্গনেও তার সম্পৃক্ততা রয়েছে। বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের সময় তাকে প্রায় তিন বছরের জন্য চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা যায়। এর আগে নব্বইয়ের দশকে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রথম ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন অধ্যাপক তাহমিনা আখতার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা