× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়ম ও বদলি বাণিজ্য খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১২ পিএম

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষা খাতে শৃঙ্খলার জন্য কাজের মূল্যায়ন করে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলসহ বিভিন্ন সময়ে শিক্ষা খাতে যারা অনিয়ম, দুর্নীতি ও বদলি বাণিজ্য করেছেন, তাদের সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সচিবালয়ে দায়িত্ব পালনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সচিব রেহানা পারভীন উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রশাসনের বহুল আলোচিত বদলি বাণিজ্য বন্ধে প্রযুক্তির সহায়তা নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। প্রশাসনিক দুর্নীতি ও বদলি বাণিজ্য সম্পর্কে শিক্ষা মন্ত্রী বলেন, “যখন দায়িত্বে ছিলাম না, স্যাডো মন্ত্রী হিসেবে কাজ করতাম, গবেষণা করতাম। আসলে পৃথিবী এগিয়ে গিয়েছে। আমরা এখন চাচ্ছি অটোমেশন সিস্টেম। একটা অ্যাপস খুলবো, যেখানে কার বদলির সম্ভাবনা, কার কেমন রেজাল্ট, কার বদলি কীভাবে হতে পারে, কর্মকর্তা-কর্মচারীদের রেজাল্টের ভিত্তিতে তদবিরবিহীন বদলি নিশ্চিত করা হবে”। 

তিনি আশ্বস্ত করে বলেন, “এখন আর বদলির নামে কোনো বাণিজ্য হবে না। যদি কোথায় হয়, বা সম্ভাবনা দেখেন, জানাবেন। আমরা ব্যবস্থা নিবো”।

২০০৯ সাল থেকে ডিজিটাল ক্লাসরুমের নামে কোটি কোটি টাকা খরচ হলেও বাস্তবে তার প্রতিফলন না থাকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‍‍“বিগত সময়ে যারা অনিয়ম দুর্নীতি করেছেন তা আমলে নিতে নিরীক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে”।

এ ছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া যেসব বিপুল সংখ্যক বদলি করা হয়েছে, সেগুলোতে কোনো অসঙ্গতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

চারদলীয় জোট সরকারের আমলে নকল বিরোধী অভিযানের সাফল্যের কথা স্মরণ করে এহসানুল হক মিলন বলেন, “আশা করছি নকল বিরোধী অভিযানের আর প্রয়োজন হবে না। শিক্ষা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের মতো না। সব ধরনের কার্যক্রম এখানে আলাদা”।

এনটিআরসিএ এর কার্যক্রম মনিটরিং করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “জোট সরকারের সময় আমরা এনটিআরসিএ করছিলাম। অযাচিত হস্তক্ষেপ বন্ধ করে শৃঙ্খলায় নিয়ে আসা। সেখানে আমরা মনিটরিং করবো। এজন্য সেল গঠন করা হবে। এখানে কেউ অন্যায় করে পার পাবার সুযোগ নাই”। 

এখন থেকে খতিয়ে দেখে তারপর নতুন স্কুল অনুমোদন করা হবে বলেও জানান তিনি। 

পাঠ্যপুস্তক উৎসব নিয়ে তিনি বলেন, “জুলাই আগস্টেও বই দিতে পারেনি আওয়ামী লীগ সরকার। ২০০১ সালে আমরা শপথ নিয়েছিলাম, এরপর আমরা কিন্তু জানুয়ারিতেই বই দিয়েছিলাম। এরপর কিন্তু কখনো ব্যত্যয় ঘটেনি। তাই বই বিতরণে কোনো সমস্যা হবার কথা নয়। কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা