বাসস
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০ পিএম
বাংলাদেশ হাইকোর্ট। ছবি: বাসস
রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে স্কুলগুলো আগের নিয়মেই খোলা থাকছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে, রবিবার সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। সেই সঙ্গে এ বিষয়ে রুলও জারি করা হয়েছিল।
পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টে এই রিট আবেদন করেন। এর আগে তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলেন।