প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯ পিএম
সাত কলেজ। ছবি: বাসস
সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে রবিবার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানান আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম।
অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে।
অধ্যাদেশ অনুযায়ী, ঢাকায় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে।
নতুন বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম পরিচালনা, পরীক্ষা গ্রহণ, গবেষণা কার্যক্রম এবং সনদ প্রদান করবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও তা সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালানো যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। পরে চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন দেয়। সর্বশেষ সেটিই চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশ পেল।
এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০১৭ সালে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে সেশনজট, ফল প্রকাশে দীর্ঘ বিলম্বসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথে এগোল সরকার।