বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯ পিএম
জিয়া হল প্রিমিয়ার লিগ (জেডএইচপিএল)-২০২৬ চ্যাম্পিয়ন টিম সোহরাওয়ার্দী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সবচেয়ে আলোচিত ক্রিকেট আসর ‘জিয়া হল প্রিমিয়ার লিগ (জেডএইচপিএল)-২০২৬’ এর পর্দা নেমেছে। প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে টিম ভাসানিকে হারিয়ে শেষ হাসি হেসেছে টিম সোহরাওয়ার্দী।
শুক্রবার হলের মাঠে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ভাসানি। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় টিম সোহরাওয়ার্দী। স্নায়ুচাপ ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
টুর্নামেন্টের শুরুটা ছিল দেখার মতো। গত ২ ফেব্রুয়ারি ‘গ্র্যান্ড অকশন’ বা খেলোয়াড় নিলামের মাধ্যমে আটটি দল নিজেদের রণসজ্জা সাজিয়েছিল। দুটি গ্রুপে বিভক্ত হয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষে চারটি দল সেমিফাইনালের টিকেট পেয়েছিল।
তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ড. জহির উদ্দিন পলাশের মালিকানাধীন টিম সোহরাওয়ার্দী
শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সে সেরার প্রমাণ দিয়েছে, অন্যদিকে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট
থাকতে হয়েছে আফতাবুল ইসলাম তন্ময়ের টিম ভাসানিকে।
আয়োজকরা জানান, হলের শিক্ষার্থীদের
মধ্যে সুস্থ ক্রীড়া সংস্কৃতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এই লিগের মূল লক্ষ্য। খেলা
শেষে উৎসবমুখর পরিবেশে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন হলের আবাসিক
শিক্ষক ও সংসদ প্রতিনিধিরা।
হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ
অধ্যাপক ড. নাজমুল হোসাইনের দিকনির্দেশনায় আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ভিপি মোঃ মহিউদ্দিন (মাহবুব তালুকদার), জিএস আসিফ ইমাম এবং ক্রীড়া সম্পাদক
মোঃ তাজকিরুল ইসলাম ও হোছনে ইয়াসিন আরাফাত।