প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৪ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ পিএম
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি: আইএসইউ
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে ‘দি আর্ট অব কোয়ালিটি টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ ইন টেক্সটাইল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অনলাইনে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জাপান ও বাংলাদেশের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা বিনিময় করা হয়। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক এবং সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এম. এ. বারিক।
তিনি বলেন, “গবেষণার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে। আর্থিকভাবে কতটুকু লাভবান হওয়া যাবে সেদিকে নয়, বরং পেশাগত উৎকর্ষ-সাধনের শিক্ষক মন্ডলীদের গবেষণায় গুরুত্ব দিতে হবে। বেসিক রিসার্চ অ্যাভয়েড করার কোনো উপায় নেই। ভবিষ্যতে আইএসইউর শিক্ষকদের জাপানের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ লাভ কিংবা উচ্চতর ডিগ্রি অর্জনের আগ্রহ থাকলে, সে বিষয়ে আইএসইউ-এর শিক্ষক মন্ডলীদের সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেন”।
আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ এবং রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।
সেমিনারের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমানসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষিকারা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএসইউ জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের টেক্সটাইল খাতের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।