জকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ০০:৩৪ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ০০:৫৩ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ থেকে নেওয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ছিল। ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়। পরে ভিপি ও জিএস প্রার্থীদের সাথে দীর্ঘ আলোচনার পর ভোট গণনার উপায় নিয়ে সিদ্ধান্তে পৌছেছে কমিশন। দীর্ঘ ৬ ঘন্টা পর ফের গণনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের বরাতে সভায় থাকা প্রার্থীরা জানিয়েছে, প্রথমে একটি কেন্দ্রের ভোট হাতে গণনা করা হবে। পরবর্তীতে সেটি মেশিনে গণনার পর কোনো ত্রুটি না দেখা গেলে মেশিনে গণনা শুরু হবে। পরে রাত সাড়ে পৌনে ১টার দিকে গণনা শুরু হয়।
এর আগে ভোট গণনা শুরু হওয়ার পর দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। এ কারণে গণনার ফলাফল নিশ্চিত করতে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। তবে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও রাত পর্যন্ত ভোট গণনা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলী বলেন, আমাদের জটিলতা কেটে গেছে। আমরা দ্রুতই ভোট গণনা শুরু করবো।