জাবি ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থী ও মূল পরীক্ষার্থী উভয়কেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলাকালে এ জালিয়াতির ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম মো. ইহমানুল হক জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী এবং শহীদ জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তার বাড়ি বগুড়ার আশোকোলায়, বাবার নাম মো. দেলোয়ার হোসেন। জিসান গাইবান্ধার পলাশপাড়ার বাসিন্দা রাজু হোসেনের ছেলে রাফি হোসেন সাজিত নামের এক ভর্তিচ্ছুর পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ভর্তিচ্ছুর ছবি পরিবর্তন করে তার পরবর্তী অন্য আরেকজন ভর্তি পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা পরিদর্শক তা শনাক্ত করে। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষায় প্রক্সির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।’