বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২০ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:৪২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভবন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
উপাচার্যের কার্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে রবিবার দুপুর আড়াইটায় ডাকসুর নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
বিক্ষোভ চলাকালে ‘ফ্যাসিবাদের আইকন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই মাটিতে হবে না’, ‘আছে যত ফ্যাসিবাদ, করতে হবে উৎখাত’, ‘দাবি মোদের পরিষ্কার, করতে হবে বহিষ্কার’, ‘জঙ্গি লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘বাকশালের জনক কে – শেখ মুজিব’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস দীর্ঘদিন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত হয়েছে। সেই প্রেক্ষাপটে একজন নারী মুক্তিযোদ্ধার নামে আমাদের হলের নামকরণ করার ম্যান্ডেট পেয়েছি। আমাদের হলের অধিকাংশ শিক্ষার্থী বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের নামে হলের নাম পরিবর্তনের পক্ষে।
ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের আইকনদের নামে বিশ্ববিদ্যালয়ে থাকা সব স্থাপনার নাম অবিলম্বে পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা ইতোমধ্যে প্রস্তাবনা চূড়ান্ত করেছি।
তিনি দাবি জানান, শেখ মুজিব হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করতে হবে।
এসময় তিনি আরও বলেন, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেলের নাম পরিবর্তনের দাবিও প্রশাসনের কাছে জানানো হবে।
জুলাই অভ্যুত্থানে বিরোধিতাকারীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো রেজিস্ট্রার ভবনে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আর কোনো ছাড় দেব না।’
বিক্ষোভ শেষে ডাকসুর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি জমা দেন।