রাষ্ট্রীয় শোক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।
‘সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।