চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় Ñপ্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ‘সাম্প্রতিক বাংলাদেশে বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বিজয় র্যালিও অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, জাতীয় পর্যাযে আমাদের যত অর্জন রয়েছে, সব অর্জন অর্জিত হয়েছে ঐক্যের মাধ্যমে। ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সফলভাবে আমাদের ভাষা আন্দোলন হয়েছে। যার মাধ্যমে আমাদের মাতৃভাষা প্রতিষ্ঠিত হয়েছে। এরপর দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা সংগ্রামে নেমেছিল। সেই যুদ্ধেও আমরা বিজয় অর্জন করেছিলাম।
এর আগে রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসির উদ্যোগে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে বিউগলের সুরে শহীদদের স্মরণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা করা হয়।