বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৬ পিএম
ঢাবির জগন্নাথ হলে আঁকা জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে প্রশাসন। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে পদদলিত করতে আঁকা জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে প্রশাসন।
শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে হলের বিভিন্ন প্রবেশমুখে ছবিগুলো আঁকা হয়। ছবির রং শুকানোর পর ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে এগুলো পদদলিত করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে ছবিগুলো মুছে দেওয়া হয়।
এ বিষয়ে জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব বর্মণ বলেন, মুক্তিযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জগন্নাথ হল। ১৪ ডিসেম্বর এই হলের জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করা হয়েছে। আমরা সেই ১৪ ডিসেম্বর স্মরণে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচির আয়োজন করি। ঐ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের মধ্যে থাকা দ্রোহ দিয়ে এই ছবিগুলো এঁকেছিল।
ছবি কেন মুঁছে দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, হল প্রশাসন আমাদের সিকিউরিটি কনসার্নের দোহাই দিয়ে ছবিগুলো মুছে দিয়েছে। তাদের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করি।
জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, হলের সাধারণ শিক্ষার্থীরাই এটা করেছে এবং তা সম্পূর্ণই হল প্রশাসনের অজান্তেই করা হয়েছে। পরবর্তীতে, যেহেতু বিগত সময়ে কখনোই ১৪ ডিসেম্বর বা শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে এরকম কোন কিছুই করা হয়নি তাই কর্তৃপক্ষ প্রতিকী চিত্রগুলো মুছে ফেলেছে।