বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২২:১০ পিএম
বুধবার ডাকসুর সভাকক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। প্রবা ফটো
মহান বিজয় দিবস সামনে রেখে তিন দিনব্যাপী বিশেষ নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।
বুধবার (১০ ডিসেম্বর) ডাকসুর সভাকক্ষে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
আলী ইবনে মোহাম্মদ জানান, ডাকসু, ঢাকা মহানগর নাট্য সংসদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবের শিরোনাম রাখা হয়েছে ‘বিজয় থেকে বিজয়েÑ নাট্যোৎসব ২০২৫’।
তিনি বলেন, নাট্যোৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি প্রযোজনা মঞ্চস্থ করা হবে। বিশেষভাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের অনুপ্রেরণাকে মিলিয়ে একটি বিশেষ নাটক উপস্থাপন করা হবে। এতে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা থাকবে।
উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি স্বনামধন্য নাট্যদলও অংশ নেবে। প্রতিদিন বেলা ৩টা ৩০ মিনিট থেকে শুরু করে তিনটি করে নাটক মঞ্চায়ন করা হবে বলে জানিয়েছেন মোসাদ্দেক। তবে শুক্রবার চারটি নাটক মঞ্চায়ন করা হবে।