নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১৮ পিএম
অবশেষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি অনুষদের আওতায় দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় নতুন এক দিগন্তের সূচনা হলো এবং নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
বুধবার (১০ ডিসেম্বর) জারি করা ইউজিসির এক অফিস আদেশে এ অনুমোদন প্রদান করা হয়।
ইউজিসি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে আইন অনুষদের আওতায় আইন বিভাগ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়েছে।
ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত অনুমোদনপত্রটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে বিভাগ দুটির কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী অনুমোদনের খবরটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করে বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মানোন্নয়ন। আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ চালুর অনুমোদন সেই স্বপ্ন বাস্তবায়নের শক্ত ভিত তৈরি করেছে। আমরা দ্রুত প্রশাসনিক ও একাডেমিক প্রক্রিয়া সম্পন্ন করে বিভাগগুলোর কার্যক্রম শুরু করব।
তিনি আরও বলেন, নওগাঁ এবং আশপাশ জেলার শিক্ষার্থীরা এখন রাজধানী বা অন্য কোথাও না গিয়েও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এটি নওগাঁ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নওগাঁর বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী বিষয়টিকে জেলার শিক্ষাখাতে বড় অর্জন বলে অভিহিত করে বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর পর থেকেই এখানকার মানুষের প্রত্যাশা ছিল চাহিদাসম্পন্ন বিভাগ চালু করা। আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অনুমোদন সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এখন নিজেদের এলাকায় থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।
তিনি আরও যোগ করেন, সরকার ও ইউজিসির এই সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তৃতি বাড়লে গবেষণার সুযোগও প্রসারিত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। নতুন দুটি বিভাগ যুক্ত হওয়ায় মানোন্নয়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কারিকুলাম প্রণয়ন, একাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই ভর্তি কার্যক্রম শুরু করা হবে।