প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:৪২ এএম
পাঠ্যপুস্তকগুলো এবার আমরা যথাসময় পাওয়ার আশা প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের আগে প্রিন্ট হলে দেব।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচনের আগে বই দেওয়া সম্ভব হবে কি না? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন নির্বাচনের আগে প্রিন্ট হলে দেবো। নির্বাচনের সাথে বইয়ের কি সম্পর্ক? নির্বাচন তো বলবে না– বই দিয়েন না। নির্বাচনের তফসিল ঘোষণার পরে কতগুলো রেস্ট্রিকশন আছে সেটা অন্য, ফিল্ড, প্রশাসন এটা-সেটা। বইয়ের ব্যাপারে তো আরও এনকারেজ করবো আমরা।
তিনি বলেন, পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল, একেবারে ক্লাস ওয়ান থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম। আগের পাঠ্যপুস্তক সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আশাকরি এগুলো এবার আমরা যথাসময়ে পাব। হয়তো এদিকে-সেদিক একটু হবে। তবে বেশি ডিলে হবে না, হওয়ার কথা না এমন আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। আর কোয়ালিটি আমরা মেইনটেইন করছি।
শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা কি বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি বলেছেন আমরা যথাসম্ভব জানুয়ারির মধ্যে যেটা টার্গেট আমরা করব। কতগুলো তো হয়ে যাবেই। দুই-একটা শ্রেণির হয়তো– একটু সময় লাগতে পারে। কিন্তু বাকিগুলো আগে দেওয়া হয়ে যাবে।