বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩১ পিএম
প্রতীকী ছবি।
তাড়াহুড়ো করে নামতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চবি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টা ২০ মিনিটে শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মে আসে। ট্রেনটি চলন্ত থাকা অবস্থাতেই ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নামতে যান। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘শহর থেকে আসা ট্রেনটি স্টেশন তলায় আসা মাত্র লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরবর্তীতে সবাই চেষ্টা করে তাকে বের করেন। লোকটির অবস্থা খুবই আশংকাজনক ছিল।’
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন ফেসবুকে লেখেন, ‘ট্রেনটি স্টেশনে আসার পরপর লোকটা নামছিল। তখনও ট্রেন গতিশীল ছিল। তিনি পড়ে যান ফাঁকা জায়গাটায়। তার উপরেই ট্রেন কিছুক্ষণ গতিশীল ছিল। পরে শিক্ষার্থীদের সহায়তায় ওনাকে সেখান থেকে তুলে মেডিকেল পাঠানো হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’
চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে আসলে ডাক্তার মৃত অবস্থায় দেখেন। পরে তাকে হাটহাজারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়।’