প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৯ পিএম
ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
মারামারি বন্ধ ও 'ভ্রাতৃত্ববোধ' গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে 'শান্তিচুক্তি' করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড ও পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এসময় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের পেছনের গ্রিন রোডে দাঁড়িয়ে থাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজের ৮-১০ জন শিক্ষার্থী লাঠি হাতে ধাওয়া দিলে উত্তেজনার সূত্রপাত হয়।
এদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।
ওসি আরও বলেন, 'আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।'
তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক 'শান্তিচুক্তি' হয়েছিল। আর মারামারি করবেন না বলে তখন প্রতিজ্ঞা করেছিলেন তারা।