রংপুর অফিস
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম
শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণমূলক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একাংশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বেরোবি ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী জহির রায়হান।
তিনি বলেন, বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে, ৩০-৪০ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যে তাদের শীতকালীন ছুটি কাটানোর জন্য বাড়ি চলে গেছেন এবং আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৭০ শতাংশ ছুটি কাটাতে বাড়ি চলে যাবেন। তাহলে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে কাদের নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশন এই নির্বাচন করতে চায়? এটি শিক্ষার্থীদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ব্রাকসুর গঠনতন্ত্র অনুমোদন হলেও শুরু থেকে প্রশাসন ও নির্বাচন কমিশনের চরম অযোগ্যতা এবং ব্যর্থতার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আজ হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের শীতকালীন ছুটির দাবির বিষয়টি পাশ কাটিয়ে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য গঠনতন্ত্র এবং ভোটার তালিকায় অসংখ্য ভুলত্রুটি নিয়ে তড়িঘড়ি করে একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন।
এ সময় ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রেখে যৌক্তিক সময়ে সব শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক ব্রাকসু নির্বাচন দেওয়া, ভোটার তালিকার বিদ্যমান ত্রুটিগুলো সংশোধন করা, প্রার্থীদের বৈশ্বিকভাবে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স নেওয়া, নির্বাচনী আচরণবিধি দৃঢ়ভাবে কার্যকর করার দাবি জানানোসহ নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী তুহিন রানা, ইয়ামিন, মাসুদ রানাসহ অন্যরা।