প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮ পিএম
দেশের বেসরকারি স্কুল, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একই সঙ্গে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ শীর্ষক এ নীতিমালায় পদোন্নতি ও নিয়োগে অভিজ্ঞতার সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালাটি কার্যকরের ঘোষণা দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে হলে কমপক্ষে ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী প্রধান শিক্ষক পদে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও ২–৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকলে তারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন।
নতুন নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের জ্যেষ্ঠ প্রভাষক পদটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বিনা অনুমতিতে টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে তিনি আর এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন না। এ ক্ষেত্রে ৬০ দিন পূর্তির পর সংশ্লিষ্ট পদটি শূন্য ঘোষণা করে নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
একাদশ শ্রেণিতে নতুন শাখা খোলার ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বেসরকারি কলেজে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে প্রতিটি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী, আর বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থী থাকার বাধ্যবাধকতা রাখা হয়েছে। মফস্বল এলাকায় মানবিক ও ব্যবসায় শিক্ষায় ন্যূনতম ৩০ জন এবং বিজ্ঞান বিভাগে অন্তত ২০ জন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক করা হয়েছে।