বেরোবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে অস্থিতিশীল ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ক্যাম্পাস জুড়ে। ছাত্র শিবির ও সাবেক সমন্বয়ক এবং ছাত্রদল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও অবস্থান নিয়েছে প্রশাসনিক ভবনে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাত্র শিবির ও দুপুর ১ টায় ছাত্রদলের সমর্থিত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।

শিবির সমর্থিত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন আহামাদুল হক আলভির, মেহেদী হাসান, শিবলি সাদিক। এসময় লিখিত বক্তব্যে মাইদুল ইসলাম মাহিদ ও ঐশি লিখিত বক্তব্যে তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও ২৪ ডিসেম্বর তারিখেই ছাত্র সংসদ (ব্রাকস) নির্বাচনের দাবি করেন।
তারা বলেন, উপাচার্যসহ প্রশাসনের উদাসীনতা, দায়িত্বহীনতা ও ধারাবাহিক টালবাহানা এখন স্পষ্ট। শিক্ষার্থীরা মনে করে তাদের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়েছে। আজ থেকে তফসিল সচল এবং ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হলে শিক্ষার্থীরা আর শান্ত থাকবে না।
ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের পর দুপুর ১ টায় ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলনে করেন, এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা, দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং প্রেস ব্রিফিংয়ে কথা বলেন হাফিজুর রহমান সিয়াম, দপ্তর সম্পাদক মাসুদ রানা, রুপম।
এসময় তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে। এ বিষয়ে আমাদের ধারাবাহিক আন্দোলন করেছি। গত ২০ নভেম্বর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরের ছুটির দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করি এবং স্মারকলিপি প্রদান করি। ২১ নভেম্বর গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি, ২৩ নভেম্বর বিশাল মিছিল সহ উপাচার্য মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করি। ছুটির বিষয়টি যখন সুরাহা হয়নি, ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ব্রাকসু) নিয়ে শুরু হয়েছে এক গভীর ষড়যন্ত্র ও নাটকীয়তা। আমরা লক্ষ্য করছি, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।