জবি সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১২:০২ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১২:৪৩ পিএম
ফাইল ফটো
যিশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। তবে ছুটিতে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন নেছা মুজিব হল।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে ছুটি নিয়ে রেজিস্ট্রারের সই করা একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব ইনস্টিটিউট, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
ছুটির পর ৩০ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ১ জানুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম চলবে।
তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলমান থাকায় এবং ছুটির পরপরই পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কয়েকটি বিভাগে পরীক্ষা চলছে এবং ছুটির পরপরই পরীক্ষা আছে। সেজন্য অনেক ছাত্রী বাড়িতে যাবে না। তাই তাদের সুবিধার্থে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’