প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ০০:০৭ এএম
ফাইল ছবি।
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদে চাকরির সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।
গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।