বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক্সটেনশনে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে স্বাভাবিকভাবে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডার পরিবর্তনের মুহূর্তে আগুনের সংস্পর্শে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আসাদুজ্জামান খান বলেন, অনেকদিন ধরেই এখানে ঝুঁকিপূর্ণভাবে রান্না চলছিল। চুলার পাশে সিলিন্ডার না রেখে নিরাপদ স্থানে সরানোর জন্য দোকান মালিককে একাধিকবার বলা হয়েছিল। কিন্তু তিনি গুরুত্ব দেননি। তাই আজ এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের জোন কমান্ডার এনামুল হক বলেন, গ্যাস লিক হওয়ায় আগুন লাগে। লিক হওয়া সিলিন্ডার আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার পর আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনি।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নেভায়। দোকানের কিছু রান্নার সরঞ্জাম ছাড়া বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ড ঘটে।