খুলনা অফিস
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৫ পিএম
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ত্যাগ, স্বপ্ন ও দীর্ঘদিনের আন্দোলনের ফসল খুলনা বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (২৫ নভেম্বর) উদযাপন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস।
শিক্ষা কার্যক্রমের টানা ৩৪ বছর পূর্ণ করে প্রতিষ্ঠানটি প্রবেশ করছে গৌরবময় ৩৫ বছরে। ১৯৯১ সালে যাত্রার পর থেকে শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণার গভীরতা, আন্তর্জাতিক সংযোগ এবং মানবিক মূল্যবোধ প্রচারে খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষা অঙ্গনের একটি নির্ভরযোগ্য নাম। দক্ষিণ-পশ্চিম উপকূলের অন্যতম শিক্ষা বাতিঘরটি এখন দেশের সামগ্রিক উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রারও শক্তিশালী দৃষ্টান্ত।
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সংকটময় মুহূর্তে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, গবেষণায় গতি আনা এবং প্রশাসনকে আধুনিকায়নের লক্ষ্যে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্যের বার্তা
বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও খুলনার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্জন আমাদের সবার গৌরব। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও খুলনার মানুষের আন্তরিক সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা ও সহযোগিতাই এ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের মূল শক্তি। সবাইকে জানাই কৃতজ্ঞতা।