বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
৪৭তম বিসিএস’র লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ আবারও অবরোধ করেছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে রেলপথ অবরোধ করেন তারা। বিকাল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার রেললাইনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
এ সময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে, পিএসসি কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, আমাদের একটাই দাবি- লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা, আমরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে চাই।

আরেক আন্দোলনকারী রাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে৷ শনিবার (২২ নভেম্বর) আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।
তিনি বলেন, দ্রুত নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ দিতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে শনিবার বিকাল থেকে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা, এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের প্রায় ৬ ঘন্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।