রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম
অভিন্ন প্রশ্নপত্রে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৬ নভেম্বর) রুয়েটের জনসংযোগ দপ্তরের উপপরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রুয়েটের উপাচার্য প্রফেসর এসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের যে কোনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম জিপি-১৪ পেতে হবে।
এ ছাড়া প্রার্থী জিসিই ও’ লেভেল এবং এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে সে ক্ষেত্রে জিসিই ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম বি’ গ্রেড পেয়ে পাস করতে হবে। জিসিই এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে বি’ গ্রেড পেয়ে পাসসহ প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে এ’ লেভেল সার্টিফিকেট-প্রাপ্ত হতে হবে।
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত রুয়েটের গঠিত স্টিয়ারিং কমিটির সভায় নির্ধারিত হবে বলে জানানো হয়।