বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২৩:০৮ পিএম
আমরা যে ৩৬টা ইশতেহার দিয়েছি ইতোমধ্যে তার অনেকগুলো নিয়ে কাজ করছি। আমরা যে ইশতেহার দিয়েছি তার থেকে পাঁচগুণ বেশি কাজ করব বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল কমনরুমের নামাজের স্থানে, মসজিদ ও লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডাকসু ভিপি বলেন, আমরা মসজিদ ও মেয়েদের কমনরুমগুলোতে কার্পেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আমাদের সহযোগিতা করেছে ইনসাফ। ৫ আগস্টের পর আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি, সবকটিই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখব।
তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বাড়ানোর উদ্যোগ নিচ্ছি এবং সেখানে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তা ভেঙে দেওয়ার পদক্ষেপ নেব।
হলে খাবারের মানের বিষয়ে তিনি বলেন, খাবারের মান উন্নয়নে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। আমরা মূলত নীতিগত জায়গায় কাজ করছি, যাতে ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমা, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।