বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিদ্যালয়টির হলরুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষক মো. মকবুল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার এবং সদস্য ইয়াছিন হোসেন।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এর নেতিবাচক ব্যবহার তরুণ প্রজন্মকে বিপথে নিতে পারে। সাইবার অপরাধ, অনলাইন আসক্তি ও অনৈতিক কনটেন্ট থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতনতা, অভিভাবকীয় তদারকি এবং সঠিক দিকনির্দেশনা অপরিহার্য।
আলোচনা শেষে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে বিরত থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার শপথ গ্রহণ করে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সদস্যরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত সাড়ে ১৪ বছরে সারাদেশে ১৮৯৮টি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছে—যার মধ্যে রয়েছে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট সচেতনতা এবং গাছের চারা বিতরণ।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করা। প্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধেও তরুণদের দৃঢ় হতে হবে।