ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৩:৩০ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত ও সংস্কৃতি বিষয়ক বিভাগ গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা সঙ্গীত, সাহিত্য সংস্কৃতিকে ঐতিহ্য এবং প্রেরণার উৎস উল্লেখ করে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪শের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে দেশাত্মবোধক গান এবং মঞ্চস্থ নাটকের মাধ্যমেও আমরা প্রতিবাদ করেছি এবং অনুপ্রেরণা পেয়েছি।
ঢাবির সংগীত বিভাগের শিক্ষক ড. তপন কুমার সরকার বলেন, শুধু ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে পারে না এবং সাহিত্য সংস্কৃতি কখনোই ধর্মের প্রতিবন্ধক নয়।
অনেকেই আছে যারা শিক্ষকতা পেশাকে পছন্দ করে, প্রাথমিক শিক্ষক নিয়োগে সংগীত এবং শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের কারণে আমাদের বিশাল একটা অংশ চাকরির বাজার থেকে ছিটকে পড়বে। সংস্কৃতি দীর্ঘ সময় চর্চার মাধ্যমে বিকশিত হয় বা ছড়িয়ে পড়ে। তাই নিঃসন্দেহে প্রাথমিক শিক্ষায় এটা সংযোজন অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাবির সংগীত বিভাগের শিক্ষার্থী অহি।
প্রসঙ্গত, সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয়া হয়েছে। গত রবিবার (২ নভেম্বর) সংশোধিত বিধিমালা গেজেট প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।