বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৫:১৬ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম
আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে; ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর; মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর; ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এ ছাড়াও ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে; ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে। সবশেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে; একই দিনে ভোট গণনা ও ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
এদিকে, এই তফশিল ঘোষণাকে পক্ষপাতমূলক আখ্যা দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্র শিবির। এছাড়া সংবাদ সম্মেলন ডেকেছে আপ বাংলাদেশ ও ছাত্র অধিকার পরিষদ।