ডাকসু নেতা মোসাদ্দেক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ০০:৪২ এএম
যখন নারীদের ওপর একের পর এক বিভিন্ন শ্লাটশেমিং করা হয়, কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তখন আমরা রাষ্ট্রকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। রাষ্ট্র ধীরে ধীরে শ্লাটশেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে। বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
শনিবার (১ নভেম্বর) রাতে ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকারের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডাকসু নেতা বলেন, নারীদের নিয়ে অব্যাহত শ্লাটশেমিং ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীরা যে দলেরই হোক না কেন, তারা যাতে পার না পায়। আমরা দেখি- কখনও যদি শ্লাটশেমারদেরকে ধরা হয়, একটা গোষ্ঠি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
এ সময় তিনি শ্লাটশেমিংকারী মুজতবা খন্দকারকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জনগণের সমর্থন নিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা নিয়ে ক্ষমতায় বসেছেন। তারপরেও বিচারহীনতার সংস্কৃতি এখনও বিরাজমান, এটা আপনাদের জন্য লজ্জার। আপনারা অবিলম্বে এসব নিপীড়কদের আইনের আওতায় নিয়ে আসুন।
হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান বলেন, আমাদের সম্মানিত শিক্ষিকা মোনামী ম্যামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং শ্লাটশেমিং করার পরেও বিএনপি, ছাত্রদল কিংবা অন্য কারোর কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি না। নারী জাতির প্রতি এহেন অবমাননার পরেও যেন সবাই নিশ্চুপ। আমি সবাইকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।