বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৭:৫৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভ্যন্তরীণ সড়ক বন্ধ করে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বিরুদ্ধে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ কর্মসূচি শুরু হয়। তবে এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) রাত থেকে অডিটোরিয়ামের পাশে ব্রিক সোলিং রাস্তা (হেরিং বোন) বন্ধ করে সংগঠনটি রেজিস্ট্রেশন বুথ বানায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে, জাবি ছাত্রশিবির বলছে- সম্প্রতি রাস্তাটি সংস্কারের উদ্দেশ্যে কিছুটা খনন করা হয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, শুক্রবার রাতে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে বুথ তৈরি করে শিবির নেতাকর্মীরা। ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে আমিসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ভোগান্তিতে পড়ি। পরবর্তীতে প্রশাসনকে বিষয়টি জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং প্রশাসনের উপস্থিতিতেই আজ প্রোগ্রাম উদযাপন হয়েছে।
এ ব্যাপারে ছাত্রশিবির জাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, রাস্তা দুটিই সংস্কারাধীন। এমনিতেই গাড়ি চলতে পারে না। তবে প্রায় ১ হাজার ২ শত শিক্ষার্থীর জন্য এ আয়োজনে স্পেস খুব কম ছিল। শিক্ষার্থীদের চলাচলের জন্য আমরা ছোট জায়গা রেখেছিলাম। তারপরও যদি চলাচলে কারও সমস্যা হয়, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।