রাবি শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এসময় শিক্ষার্থীরা ‘বিচার বিচার বিচার চাই, সায়মা হত্যার বিচার চাই’, ‘তদন্ত নিয়ে টালবাহানা, চলবে না’, ‘সুইমিংপুলে বোনের লাশ, ট্রেইনারের কি কাজ’ এবং ‘বাহ প্রশাসন চমৎকার, খুনিদের পাহারাদার’সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন না পেলে প্রশাসনিক ভবন অবরোধের হুমকি দেন।
সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবিবা বলেন, ‘প্রশাসন তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিল। কিন্তু তিন কর্মদিবস পার হওয়ার পরেও সঠিক তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। আজকের মধ্যেও রিপোর্ট দেওয়া হবে কিনা তার নিশ্চয়তা নেই।’
বিভাগের আরেক শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য প্রশাসন তিন কর্মদিবস সময় নিলেও তারা তা প্রকাশ করেনি। আমরা এখানে অবস্থান করে জানিয়ে দিতে চাই, যদি প্রশাসন কোনো গড়িমসি করে তাহলে রাবি শিক্ষার্থীরা তাদের ছেড়ে কথা বলবে না এবং প্রশাসনকে অচল করে দেওয়া হবে।’
এর আগে, গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে যান সায়মা হোসাইন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সায়মা হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী ও মন্নুজান হলের আবাসিক ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক ও ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্দিষ্ট সময় পার হলেও প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি তদন্ত কমিটি।