× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা, দুই বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি মামলা

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৮:২১ পিএম

সাভারে সিটি ইউনিভার্সিটিতে হামলা, দুই বিশ্ববিদ্যালয়ের পাল্টাপাল্টি মামলা

সাভারের সিটি ইউনিভার্সিটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও মারধরের অভিযোগে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধেও পাল্টা মামলা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোহাম্মদ আসাদুজ্জামান। 

তিনি বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য বিবিএ অনুষদের ডিন অধ্যাপক জুলফিকার হাসানকে প্রধান করে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ নেয় এবং টানা সাত ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর। এতে আহত হয় শতাধিক শিক্ষার্থী। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসজুড়ে এখনও শঙ্কার ছায়া। শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসের নিস্তব্ধতা যেন বলছে- আতঙ্ক এখনো কাটেনি।

সিটি ইউনিভার্সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় তিনটি বাস, দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হয় উপাচার্যের কক্ষও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা