বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১৭:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোরকা নিয়ে কটুক্তি ও পর্দাশীল নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর নাম রিয়াদ হাসান। তিনি ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
এদিকে, রিয়াদ হাসানের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্রীসংস্থা। বুধবার (২২ অক্টোবর) ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বোরকা ও পর্দাশীল নারীদের অবমাননা করে ঘৃণ্য মন্তব্য করেছে- ‘বোরকা বস্তার মতো’ বলে তুলনা করেছে এবং পর্দাশীল নারীদের 'মুখ দেখানোর হেডম নাই' বলে কটুক্তি করেছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত।
এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি বিদ্বেষমূলক, ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন করা এবং নারী ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনে আইনানুগ যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিয়াদ প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে মন্তব্যের স্ক্রিনশট থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন, তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিলো। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।