× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি পূরণ

ক্লাস শুরু আজ

হাসনাত শাহীন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১০:১৯ এএম

ক্লাস শুরু আজ

সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা দশ দিনের আন্দোলন, অনশন ও কর্মবিরতির মুখে অবশেষে বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই ধাপে কার্যকর হবে সরকারের এই সিদ্ধান্ত। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) কার্যকর হবে চলতি বছরের পহেলা নভেম্বর থেকে আর বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের পহেলা জুলাই থেকে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলনে ইতি টেনে আজ বুধবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারী। 

এদিকে বিগত কয়েক দিনের আন্দোলনে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা পোষাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও বিশেষ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। শিক্ষকদের এই দাবি আদায় হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বাসা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর কথা জানায়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হয়েছে। সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।’ কিছু শর্ত উল্লেখ করে চিঠিতে ‘বিগত ১৬ অক্টোবর অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা হতে ২৬০ নম্বর স্মারকে জারিকৃত পত্রটি এতদ্বারা বাতিল করা হলো।’ এর আগে গত ১৬ অক্টোবর অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা।

গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের এ সম্মতিপত্র বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এক প্রতিনিধি দলের হাতে তুলে দেন। শিক্ষা উপদেষ্টার কাছে থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের এ সম্মতিপত্র গ্রহণ করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

এ সময় শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে আজকের এই মুহূর্তটি শিক্ষা বিভাগের জন্য ঐতিহাসিক। শিক্ষক সমাজের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, চ্যালেঞ্জÑ সবকিছুই ছিল। তা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীলভাবে একটি ন্যায্য ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করেছে।’

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আজিজী বলেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আমরা ঘোষণা দিচ্ছি আগামীকাল (আজ বুধবার) থেকে ক্লাসে ফিরব। আন্দোলনের কারণে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে; তা পুষিয়ে নিতে ব্যবস্থা নেব।

তিনি বলেন, যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।’ এ সময় দাবি আদায়ে পাশে থাকার জন্যÑ বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আন্দোলনের মুখে সরকার বাসা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েক দিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো সামর্থ্য অর্থনীতিতে ফেরেনি। তাই সরকারকে বাস্তবতার নিরীখে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষক-কর্মচারীরা। ওই দিন দুপুরে শিক্ষকদের একটি অংশের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে, জলকামানের পানি ছিটিয়ে এবং লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। শিক্ষকদের ওপর ‘পুলিশের হামলার’ প্রতিবাদে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হয়। এ ছাড়াও শহীদ মিনার, শাহবাগ, হাইকোর্ট এলাকায় নানা কর্মসূচি পালন করেছেন তারা।

জামায়াত ও এনসিপির সঙ্গে সাক্ষাৎ

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে গতকাল সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন শিক্ষক নেতারা। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তারা এ সাক্ষাৎ করেন। এ ছাড়া এনসিপির আহ্বায়ক এবং শিক্ষা সম্পাদকসহ দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। বাংলামোটরে এনসিপির অফিসে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনের মাধ্যমে আংশিকভাবে দাবি আদায় করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা