বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১৯:১৩ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকা অপরিহার্য। ‘কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ফর এভরিওয়ান’ প্রতিপাদ্যে সারা বিশ্বে আজ দিবসটি পালিত হচ্ছে। বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার নিশ্চিত করতে নির্ভুল ডেটা বিশ্লেষণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষকদের জ্ঞান ও মেধা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারে। আমি পরিসংখ্যান দিবসের সফলতা কামনা করছি এবং দিবসটি পালনের জন্য পরিসংখ্যান বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।