প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ০০:২৭ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫ ০০:২৮ এএম
৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ প্রার্থী।
রবিবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ফল প্রকাশের এক সপ্তাহের বিরতির পর ২৬ অক্টোবর থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
শিক্ষার বিশেষ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতিটি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।
পিএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে আসন বিন্যাস, সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করেছে। পিএসসি জানিয়েছে, শিক্ষা ক্যাডারের এই বিশেষ বিসিএসে দ্রুত ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার দিন শেষ করার চেষ্টা করা হচ্ছে। ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার সময়োপযোগী আয়োজন প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করছে।
শিক্ষার্থীরা মনে করছেন, ৪৯তম (বিশেষ) বিসিএসের নিয়োগ প্রক্রিয়া ত্রুটিমুক্ত করতে পারলে ভবিষ্যতের প্রার্থীরা পিএসসির প্রতি আস্থাশীল থাকবে।