প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১৪ পিএম
ফাইল ফটো
শিক্ষকদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া-ভাতা বৃদ্ধি করেছে সরকার। রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন অন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৫ শতাংশ বাড়ি ভাড়া-ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে গতকাল শনিবার রাতে বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে আজ তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল করার কথা রয়েছে।
এরও আগে গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর কথা জানানো হলেও শিক্ষকরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।