আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৮:১২ পিএম
প্রতীকী ফটো
এইচএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে নুসরাত জাহান নাজনীন (১৮) নামে এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকার ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নুসরাত বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের মৃত বশির মৃধার মেঝ মেয়ে। তিনি বরিশালের বাংলা বাজার এলাকায় বড় বোন রাহাত আনোয়ারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা। তিনি বলেন, দুপুর ১২টার দিকে নুসরাতকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত ঘোষণা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।
বরিশাল সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে নুসরাত। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর তিনি গণিতের এমসিকিউ অংশে অকৃতকার্য হন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেন।
সহপাঠীরা জানান, নুসরাত মেধাবী ছাত্রী ছিলেন। তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নুসরাত সামগ্রিকভাবে ভালো ফল করেছে, শুধু একটি বিষয়ে এমসিকিউ অংশে অকৃতকার্য হয়েছিল। রেজাল্ট পুনঃনিরীক্ষণের সুযোগ ছিল। এমন সিদ্ধান্ত সত্যিই বেদনাদায়ক।