কুমিল্লা অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৭:৪৫ পিএম
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম পাসের হার নথিভুক্ত হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বছর বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন।
ফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা বোর্ডে এ বছর বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ২৫১ জন—পাসের হার (৬২ দশমিক ৬৪ শতাংশ)। মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জনের মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন—পাসের হার (৪৪ দশমিক ০৮ শতাংশ), আর ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া ২৭ হাজার ৫৯৪ জনের মধ্যে পাস করেছে ১১ হাজার ৮১৬ জন—পাসের হার (৪৩ দশমিক ৯০ শতাংশ)।
গত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ এবং এ বছর তা কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশে।
এবারের ফলে মেয়েরা এগিয়ে আছে ছেলেদের তুলনায়। ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ, আর মেয়েদের ৫৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ–৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা—মেয়ে শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ৭৪৯ জন এবং ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৯৫৮ জন জিপিএ–৫ পেয়েছে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি কলেজে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। অন্যদিকে ৫টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।