লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪৯ পিএম
লক্ষ্মীপুরে এ বছরের এইচএসসি পরীক্ষায় জেলায় ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪ হাজার ৭৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা মোট অংশগ্রহণকারীর ৪৮ দশমিক ৯৫ শতাংশ। জেলায় মোট ১৫৭ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। তবে জেলার তিনটি কলেজের ১৮ জন পরীক্ষার্থী কেউই পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
অকৃতকার্য কলেজগুলো হলো—সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকার ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগরের তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং রামগতির সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজ। ক্যামব্রিজ সিটি কলেজের ৪ জন, তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ৪ জন এবং সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন।
তোরাবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে ৪ জন পরীক্ষা দিয়েছে, সবাই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা না করায় কেউ পাস করতে পারেনি। তিনি আরও বলেন, আমাদের কলেজ শাখায় নিয়মিত শিক্ষক নেই। অতিথি শিক্ষক রেখেই পাঠদান চালাচ্ছি। ২০২২ সালে আমরা কলেজের অনুমোদন পাই। প্রথম ব্যাচে ৬ জন পরীক্ষা দিয়ে ১ জন পাশ করেছিল।
রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন জানান, সেবাগ্রাম ফজলুল রহমান স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সবাই অকৃতকার্য হয়েছে। তবে বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি।
জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র বলেন, আমি অফিসে নেই, তাই এখনই বিস্তারিত বলতে পারছি না।