ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৪:৩৪ পিএম
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসিতে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি। আর শতভাগ পাস করেছেন ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ বোর্ডে এবার পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। যা গত বছর ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল জানিয়েছেন বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৮৪ জন। গত বছর জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৮২৬ হাজার।
অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ জানান, বোর্ডের ৪ জেলার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন। ৪ জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮ দশমিক ৬৯ শতাংশ, জামালপুর ৪৭ দশমিক ৪১ শতাংশ ও নেত্রকোনায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ।
তিনি আরও জানান, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্লাসে অমনযোগী এবং অনিয়মিতের কারণে ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভালো করার লক্ষে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিকে ফল প্রকাশের পর ময়মনসিংহের সেরা কলেজগুলোতে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।