এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১২:৪১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১২:৫৯ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলের বিবরণীতে বলা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৬৫৭জন। ৫০ হাজার ৯১৯জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭জন। তাদের মধ্যে মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪৯ আর ছেলেরা পেয়েছে ৯৫৮ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮ এবং মানবিক শাখায় পাসের হার ৪৩ দশমিক ৯০।
কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ৬ জেলার মধ্যে সবেচেয়ে বেশি ফল খারাপ করেছে নোয়াখালী জেলা। এ জেলায় পাসের হার ৪০ দশমিক ৪৩ শতাংশ। পাসের হার সর্বোচ্চ কুমিল্লা জেলায়, হার ৫২ দশমিক ১৫ শতাংশ। বোর্ডে এবার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। একজনও পাস করতে পারেনি ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।