এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
সিলেট অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১২:১৯ পিএম
সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। যা বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
এবছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। তার মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন।
গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৬,৬৯৮ জন।
ফলাফল ধসের কারণ হিসেবে প্রফেসর মো. আনোয়ার হোসেন বলেন, ইংরেজিসহ কয়েকটি বিষয়ে খারাপ ফলের কারণে সামগ্রিক ফলাফল খারাপ হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর শতভাগ পাস করেছে ৩টি প্রতিষ্ঠান। গত বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৮টি। এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪টি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং শেষ হয় গত ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।